নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেছেন, সব দলের অংশগ্রহনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে চাই নির্বাচন কমিশন।
দলগুলোর সাথে বারবার সংলাপ করছে ইসি। তবে, কোনো কোনো দল সংলাপে এসেছে। আবার কোনো কোনো দল আসেননি। আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি যেন সব দল নির্বাচনে অংশ গ্রহণ করে। তবে, নির্বাচনে আসা না আসা সেটা দলের ব্যাপার।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।
নির্বাচন কমিশনার বলেন, ইভিএম হচ্ছে শতভাগ স্বচ্ছতার প্রতীক। এখানে কোন পক্ষপাতিত্ব করার সুযোগ নেই। আমরা ৬০০ এর বেশি নির্বাচন করেছি। কিন্তু কোন পক্ষপাতিত্ব করিনি। আজ অনুষ্ঠিত হচ্ছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার দুটি ও জীবননগর উপজেলার ৬ টিসহ মোট ৮ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন। আলমডাঙ্গা উপজেলার নাগদহ ও আইলহাস ইউনিয়নের ১৮ টি কেন্দ্রে ও জীবননগর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে ৫৪ টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে ইভিএম মেশিনে ভোট গ্রহণ করা হচ্ছে। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকেল ৪ টা পর্যন্ত। দুটি উপজেলায় মোট ৭২ টি ভোট কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ৪১ টি এবং ৩১টি ভোট কেন্দ্র সাধারণ। ৮ ইউটিতে মোট ৪০ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
আইনশৃঙ্খলা রক্ষায় ৬ স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ৮টি ভ্রাম্যমাণ আদালত, তিন প্লাটুন বিজিবিসহ মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিটি ভোট কেন্দ্রে ৫ জন পুলিশ ও ১৭ জন আনসার সদস্য মোতায়েন রয়েছে। সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররা।