আজ বৃহস্পতিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সর্বনিম্ন। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ এ তথ্য জানান।
তিনি জানান, আজ দেশের ২৬ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই ২৬ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে রেকর্ড করা হয়েছে। আর চুয়াডাঙ্গায় দেশের ও চলতি শীত মৌসুমের সবচেয়ে কম ৬.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল, ভোলা জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় প্রশমিত হতে পারে। সারা দেশে রাতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনে অপরিবর্তিত থাকতে পারে।
তিনি জানান, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী তিন দিনে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হতে পারে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম