বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার জীবননগরে গরুর গাড়ির দৌড় দেখতে মানুষের ঢল


সালাউদ্দীন কাজল, জীবননগর প্রতিনিধি:
DhakaReport24.com || 2022-12-28 11:49:00
চুয়াডাঙ্গার জীবননগরে গরুর গাড়ির দৌড় দেখতে মানুষের ঢল

আমন মৌসুম শেষ। ধান কাটার পর গ্রামের মাঠ এখন ফাঁকা। সেখানে একসঙ্গে দৌড়ে আসছে ১৯টি গরুর গাড়ি। গরুর খুরের আঘাতে ধুলোয় ছেঁয়ে গেছে এলাকা। গাড়ি টেনে সামনে নেয়া গরুগুলোর সাজসজ্জায় বলে দিচ্ছিল এটি প্রতিযোগিতা। 

মাঠের দু'পাশে দাঁড়িয়ে সেই গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা উপভোগ করেছে হাজারও মানুষ। জীবননগর উপজেলার সুবোলপুর গ্রামে মঙ্গলবার দিনভর চোখে পড়ে এমন দৃশ্য। আকাশ সংস্কৃতির দৌরাত্ম্য এবং কালের বিবর্তনে প্রায় হারিয়ে যাওয়া গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতার আয়োজন করে সুবোলপুর গ্রামের যুবসমাজ। হারাতে বসা ঐতিহ্যকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন। যা দেখে আনন্দ উপভোগ করেন গ্রামবাংলার নারী-পুরুষ থেকে শুরু করে শিশু ও বৃদ্ধ-বৃদ্ধারা। 

বিলুপ্তপ্রায় এ প্রতিযোগিতা উপভোগ করতে শুধু চুয়াডাঙ্গা নয়, আশপাশের জেলা থেকেও এসেছিলেন অনেক মানুষ। সুবোলপুর গ্রামে ওই প্রথম এমন আয়োজন। এ প্রতিযোগিতায় পার্শ্ববর্তী যশোর, মাগুরা, নড়াইল ও ঝিনাইদহ থেকে গাড়িয়ালরা অংশ নিতে আসেন। সব মিলিয়ে ১৯টি গরুর গাড়ি নিয়ে কয়েক পর্বে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। সকাল ১০ টার সময় খেলা শুরুর আগেই নির্ধারিত মাঠের দু'পাশে জড়ো হন দর্শকরা। প্রতিযোগিতার উদ্বোধন করেন জীবননগর পৌর মেয়র মো. রফিকুল ইসলাম। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ঝিনাইদহ জেলার গাড়িয়াল শরিফুল ইসলাম। তিনি পুরস্কার হিসেবে একটি খাসি ছাগল পেয়েছেন। দ্বিতীয় স্থান অধিকার করেন যশোর জেলার বাঘার পাড়ার গাড়িয়াল ওয়ালিদ হোসেন। তিনি পেয়েছেন একটি ভেড়া। এবং তৃতীয় স্থান অধিকারী যশোর সদর উপজেলার তামিম হোসেন পুরস্কার হিসেবে পেয়েছেন একটি মোবাইল ফোন।

প্রতিযোগিতার উদ্বোধন ও সমাপনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জীবননগর পৌরসভার কাউন্সিলর শেখ জয়নাল আবেদীন, আবুল কাশেম, আপিল মাহমুদ, সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর মাহফুজা পারভীন বিউটি প্রমুখ।

আয়োজক কর্তৃপক্ষ জানান, যুবসমাজকে মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখার পাশাপাশি বিনোদন দিতে এ আয়োজন করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম