চুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশের অভিযানে ৫টি হাতবোমাসহ ৭ জন দুষ্কৃতকারীকে গ্রেফতার করা হয়েছে ।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার সময় জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পাশ থেকে ওই সাত জনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মনোহরপুর গ্রামের মো. ইসমাইল হোসেন (৪৫), পেয়ারাতলা গ্রামের আব্দুল খালেক প্রধান (৫০), নুরুল হক প্রধান, কাশিপুর গ্রামের ছকুন মন্ডল (৪৫), গয়েশপুর গ্রামের জাকির হোসেন (৪২), জীবননগর পৌর শহরের জানু শাহার ছেলে আরজ আলী শাহ (৩০) এবং আন্দুলবাড়ীয়া গ্রামের নাসির উদ্দীন সোহাগ (৫৬)।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক জানান, জীবননগর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈকত ও তার সহকর্মীসহ জীবননগর থানা এলাকায় মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালান। অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন মনোহরপুর গ্রামের টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের দক্ষিণ পাশে ৩০-৪০ জন দুষ্কৃতকারী অন্তর্ঘাতমূলক কাজ করার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে। এ সময় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৭ জন দুষ্কৃতকারীকে গ্রেফতার করেন এবং ৫টি হাতবোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।