চুয়াডাঙ্গায় একটি তুলার কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কারখানা মালিক দাবি করেছেন।
বুধবার (৩০ নভেম্বর) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ পুলিশ লাইন্সের সামনে মেসার্স সুজন ট্রেডার্সের তুলা কারখানায় ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কারখানা মালিক আরিফুর রহমান সুজন জানান, প্রতিদিনের মতো কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা। দুপুর ১টার দিকে তুলার মেশিনে ঝুট দিলে লোহার সাথে ঘর্ষণের ফলে আগুনের স্ফুলিঙ্গ তৈরী হয়। তার থেকে তুলায় আগুন লাগে। পাশাপাশি দুইটা গোডাউনে আগুন ছড়িয়ে পড়লে মূহুর্তের মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
তিনি আরও বলেন, অগ্নিকান্ডের ঘটনায় তার তুলা, সেখানে থাকা কাপড়ের ঝুট ও সবগুলো মেশিন পুড়ে গেছে। এতে তার কোটি টাকার ক্ষতি হয়েছে।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রফিকুজ্জামান জানান, প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেশিনে লোহার ঘর্ষণের ফলে আগুনের সূত্রপাত ঘটতে পারে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম