চুয়াডাঙ্গার জীবননগরে বিজিবির গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক শহিদুল ইসলাম (৫৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ৩০ সেপ্টেম্বর শুক্রবার রাত দশটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে দুপুর বারোটার দিকে জীবননগর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম জীবননগর পৌর এলাকার কোর্টপাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে। তিনি জীবননগর এলজিইডির অবসরপ্রাপ্ত ইলেক্ট্রিশিয়ান ছিলেন।
ঝিনাইদহ-৫৮ বিজিবির পরিচালক লে. কর্ণেল শাহীন আজাদ জানান, দুপুর বারোটার দিকে জীবননগর উপজেলার মনোহরপুর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন শহিদুল ইসলাম। এ সময় জীবননগর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলকে ওভারটেক করে নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবির টহল গাড়ির সাথে ধাক্কা দেন তিনি। এতে গুরুতর হলে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে বিজিবি সদস্যরা।
তিনি আরও জানান, ঘটনার সময় বিজিবির টহল গাড়ির গতিবেগ স্বাভাবিক ছিল। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার ব্যবস্থাও করে বিজিবি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আল ইমরান জুয়েল জানান, হাসপাতালে নেয়ার পর শহিদুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেয়ার পথে চুয়াডাঙ্গা রেলক্রসিং এর কাছে পৌঁছালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবারও সদর হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত দশটার দিকে মারা যান তিনি।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, নিহতের মরদেহ হাসপাতালের লাশ ঘরে রাখা হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম