চুয়াডাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে পুলিশ লাইন্সে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা এগারোটার সময় জেলা পুলিশের অফিসার, ফোর্স, আনসার ভিডিপি, গ্রাম পুলিশ, চৌকিদার ও দফাদারদের নিয়ে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ব্রিফিংয়ে পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন বলেন, ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক চেতনায় চুয়াডাঙ্গা জেলায় ধর্ম যার যার, উৎসব সবার এ প্রত্যয় নিয়ে নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক রয়েছে। পর্যাপ্ত নিরাপত্তায় উৎসবমুখর পরিবেশে পালিত হবে শারদীয় দূর্গোৎসব। শান্তিপূর্ণভাবে ও আনন্দমূখর পরিবেশে পূজা উদযান করার জন্য পুলিশ, আনসার, ভিডিপি, গ্রাম পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ যে কোনো পরিস্থিতি মোকাবেলায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ তৎপর রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে সামাজিক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে।
চুয়াডাঙ্গাতে এ বছর ১২০টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজা মন্ডপে নিজস্ব সেচ্ছাসেবক ছাড়াও পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। তাছাড়া সাদা পোশাকে ডিবি ও ডিএসবি মাঠে কাজ করবে।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনিসুজ্জামান, মো. মারুফ হোসেন (ডিআইও-১) প্রমুখ। ব্রিফিংয়ে জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তদন্তকেন্দ্র, ফাঁড়ি, ক্যাম্প ও বিট ইনচার্জগণ, জেলা গোয়েন্দা শাখা ও জেলা বিশেষ শাখার কর্মকর্তা, আনসার-ভিডিপি, গ্রাম পুলিশ, চৌকিদার ও দফাদারসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম