চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ১৬ই সেপ্টেম্বর সকাল দশটার দিকে আলমডাঙ্গার পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের চেয়ারম্যানপাড়ায় এ ঘটনা ঘটেছে।
নিহত ইমরান হোসেন গোবিন্দপুর গ্রামের মণ্ডলপাড়ার জুড়ান আলীর ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
আলমডাঙ্গা পৌর এলাকার ছয় নং ওয়ার্ড কমিশনার ডালিম হোসেন জানান, আজ সকালে ব্যক্তিগত কাজে বাড়ি থেকে শহরে যাওয়ার সময় ইমরানকে ডেকে নিয়ে যায় অজ্ঞাত কয়েকজন যুবক। পরে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা ইমরানকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, আমি ঘটনাটি শুনেছি। ব্যক্তিগত কাজে ঢাকাতে অবস্থান করছি আমি। বিস্তারিত জানতে খোঁজ নেয়া হচ্ছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহত অবস্থায় কুষ্টিয়াতে নেয়ার পর তার মৃত্যু হয়েছে। তিনি আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে নিশ্চিত হয়েছি। বিস্তারিত জানতে এবং অভিযুক্তদের গ্রেফতারের অভিযান চলছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম