জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহমেদ অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে এক ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। আজ সোমবার বিকেল সাড়ে ৫ টার সময় জেলার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী বাজারে এ অভিযান পরিচালনা করেন।
চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহমেদ জানান, আসমানখালী বাজারের মেসার্স হক ফার্মেসিতে প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. আব্দুল মান্নানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে জব্দ করা ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ পুড়িয়ে নষ্ট করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন আসমানখালী পুলিশ ক্যাম্পের একটি দল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/নোমান/আরএএম