চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
আজ বুধবার দুপুরে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড উপজেলার হিংগার পাড়ার বাসিন্দা হাসনাত কবির দিপু (৩৫) ও চুয়াডাঙ্গা সদর উপজেলার আটমাইল নবীনগর গ্রামের বাসিন্দা মফিজ উদ্দিন (৪০)। আহত চুয়াডাঙ্গা সদর উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা ইকরামুল হককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, দুপুরে চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ঝিনাইদহের হিংগার পাড়ায় ফিরছিলেন হাসনাত কবির দিপু। এসময় ছয়মাইল নামক স্থানে পৌঁছালে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা জেআর পরিবহনের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে, চুয়াডাঙ্গা থেকে আলমসাধুযোগে ঝিনাইদহ জেলা শহরের দিকে যাওয়ার সময় ডাকবাংলা কৃষি ফার্মের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তার পাশে পড়ে যান
আলমসাধুর চালক একরামুল হক ও আরোহী মফিজ উদ্দিন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মফিজ।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, ঘাতক বাসটি আটক করে থানায় নেয়া হয়েছে। বাসের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম