চুয়াডাঙ্গায় বন্ধুর সাথে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর বন্ধু।
শুক্রবার (২৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে কুষ্টিয়ার হালসা এলাকায় পৌঁছালে মারা যান ওই যুবক।
এর আগে দুপুর ২ টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার একাডেমির মোড়ে ওই দুর্ঘটনা ঘটে। নিহত ১৮ বছর বয়সী রোমান মল্লিক আলমডাঙ্গা উপজেলার খাসকররা গ্রামের মৃত খসরু মল্লিকের ছেলে। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। আহত রিয়ন আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার সিনেমাহল পাড়ার ঠিকাদার আরেফিন আলম রনজুর ছেলে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান।
স্থানীয়দের বরাতে তিনি জানান, রোমানের পরিবার চুয়াডাঙ্গা পৌর এলাকার দক্ষিণ হাসপাতালপাড়ার একটি বাসায় ভাড়ায় থাকে। দুপুরে জুম্মার নামাজের পর বন্ধু রিয়নের সাথে মোটরসাইকেলে ঘুরতে বের হয় রোমান। এসময় একাডেমি মোড়ে পৌঁছালে একটি ইজিবাইককে ওভারটেক করে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে দুজনই গুরুতর আহত হয়। তাদের দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নেয় স্থানীয়রা।
সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক খালিদ হাসান জানান, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রোমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেয়ার পথে মারা যায় সে। আহত রিয়নকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম