চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে রোহান হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোহান চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের রায়হান উদ্দিনের ছেলে।উথলী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিলেন রোহান। সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গ্রামবাসী জানায়, রোহান সোমবার সন্ধ্যায় গোয়ালন্দ হতে খুলনাগামী নকশীকাথা মেইল ট্রেনে চড়ে নিজ বাড়িতে যাওয়ার জন্য চুয়াডাঙ্গা স্টেশন থেকে উথলী স্টেশনে যাচ্ছিলেন।পরে চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে সেলফি তোলার সময় বেলগাছী রেলক্রসিংয়ের কাছে পড়ে যাযন এবং গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। এখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক রোহান হোসেনকে ঢাকায় রের্ফাড করেন।
জানা যায়, রোহানকে ঢাকা নেওয়ার পথে রাত ১১ টার দিকে ঝিনাইদহ নামক স্থানে পৌঁছলে তার মৃত্যু হয়।
উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেনেরহুদা গ্রামের মো. আবুল কালাম আজাদ জানান, রোহান হোসেন চলন্ত ট্রেন থেকে পড়ে মারা গেছেন বলে শুনেছি। তবে, চলন্ত ট্রেন থেকে কিভাবে পড়ে গেছেন সেটা এখনও জানতে পারেনি।
ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম