চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর শহরের দাসপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে এক শ্রমিকসহ দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) সকালে আনন্দধাম দাসপাড়ার মন্দির এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে পড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুষ্টিয়ার কুমারখালির আনসার পরমানিকের ছেলে শ্রমিক শরিফুল পরমানিক (৩৫) ও পাবনা চাটমোহর রেলবাজার এলাকার রাজু কুমার দাসের ছেলে সাগর কুমার দাস।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে আনন্দধাম এলাকার দাসপাড়া নির্মানাধীণ বাড়ির সেপটিক ট্যাংকের ভেতরের সাটারিং খুলতে নেমে নির্মাণ শ্রমিক শরিফুল অজ্ঞান হয়ে যান। পরে শরিফুলকে বাঁচাতে গিয়ে বাড়িতে থাকা সাগর সেপটিক ট্যাংকে নামলে সেও জ্ঞান হারায়। প্রতিবেশীরা ছুটে এসে ট্যাংকের ভেতর থেকে তাদের উদ্ধারের চেষ্টা চালায়।
খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম