চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার সড়ক দুর্ঘটনায় মোজাম্মেল হক (৫০) নামে এক আ.লীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ বাজারের মদন বাবুর মোড় এলকায় এ ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়ার মৃত জুড়ান মন্ডলের ছেলে। তিনি চুয়াডাঙ্গা পৌর ৩নং ওয়ার্ড আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন।
স্থানীয়রা জানায়, ব্যক্তিগত কাজ শেষে আলমডাঙ্গা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মোজাম্মেল ও জাহিদ। এ সময় মুন্সিগঞ্জ বাজারের মদন বাবুর মোড় এলাকায় একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাইড ওয়ালে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মোজাম্মেলকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের চিকিৎসক আহসানুল হক বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেয়ার আগেই মারা যান মোজাম্মেল হক। আহত জাহিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম জানান, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম