স্বর্ণ চোরাচালান মামলায় পপি খাতুন ওরফে মরিয়ম নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১০ মার্চ) যশোরের সিনিয়র দায়রা জজ ও সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতে বিচারক মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত পপি খাতুন যশোরের বেনাপোলের পুটখালি গ্রামের কামাল হোসেনের স্ত্রী। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
যশোরের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. এম ইদ্রিস আলী জানান, ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর শার্শার শিকড়ি বটতলা থেকে বিজিবি এক কেজি ৫২৩ গ্রাম স্বর্ণসহ পপিকে আটক করে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা দায়েরের পর ওই বছরের ৩১ ডিসেম্বর আদালতে চার্জশিট দেয় পুলিশ।
পরে আদালতে দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আসামি পপির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম