যশোরে স্ত্রীকে হত্যার অভিযোগের মামলায় আবু বক্কার শেখহাটি নামে এক স্বামীকে কারাগারে পাঠিয়েছে আদালত। আবু বক্কার যশোরের তমালতলা গ্রামের আবুল হোসেনের ছেলে।
সোমবার (১৪ মার্চ) আবু বক্কার আদালতে আত্মসমর্পণ করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১২ নভেম্বর নিহতের মা বারান্দী মোল্লাপাড়ার ইমদাদুল খানের স্ত্রী রিনা বেগম আবু বক্করের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, আবু বক্কার একাধিক মামলার আসামি ও মাদক কারবারি। ২০১৮ সালে আবু বক্কারের সাথে তার মেয়ে জিদনি আক্তার বন্যার বিয়ে হয়।
বিয়ের পর থেকেই আবু বক্কর বন্যার বাড়ি থেকে নগদ টাকা আনার জন্য চাপ দিতেন। একপর্যায়ে ১ লাখ টাকা যৌতুক দাবি করে। বাধ্য হয়ে ৩০ হাজার টাকা দেনও মেয়ের পরিবার। বাকি টাকার জন্য ২০২০ সালের ১৬ অক্টোরব রাতে বন্যাকে মারপিট করে শ্বাসরোধ করে হত্যা করে।
আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়। পিবিআই তদন্ত করে আবু বক্করের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচণার অভিযোগ প্রমাণ পায়। এ মামলায় প্রথমে আসামির বিরুদ্ধে সমন জারি করে আদালত। আসামি আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়। সোমবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন চান সে। কিন্তু আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম