যশোরে নানা বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে মাহির (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ মার্চ) দুপুরে যশোর সদর উপজেলার চাঁচড়া হঠাৎপাড়া আশ্রয়ণ প্রকল্পের সামনের পুকুরে পড়ে তার মৃত্যু হয়।
নিহত মাহির ঝিনাইদহের মহেশপুর উপজেলার পোড়াদাহ গ্রামের মুনসুর সরদারের ছেলে।
শিশুটির নানা আলম সরদার জানান, আমরা আশ্রয়ণ প্রকল্পে থাকি। তিনদিন আগে নাতি আমাদের বাড়িতে বেড়াতে আসে। মাহির খেলা করতে করতে কখন যে পুকুরে ডুবে গেছে আমরা কেউ বুঝতেই পারিনি। সকাল ১১টা থেকে মাহিরকে না দেখে খোঁজাখুঁজি করি। দুপুর ২টার দিকে পুকুরে মাহিরের নিথর দেহ ভাসতে দেখে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাই।
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. আহম্মেদ তারেক শামস বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম