শনিবার, অক্টোবর ৩, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, অক্টোবর ৩, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিশ্ব

রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা পারমাণবিক কেন্দ্রের কাছে ইউক্রেনের হামলা


DhakaReport24.com || 2026-09-13
রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা পারমাণবিক কেন্দ্রের কাছে ইউক্রেনের হামলা

ইউক্রেনের জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ডিজেল সরবরাহকারী জ্বালানিবাহী ট্রাকে হামলা চালিয়ে নিরাপত্তা ঝুঁকি তৈরি করার অভিযোগ উঠেছে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক জ্বালানি সংস্থা রোসাটমের প্রধান আলেক্সেই লিখাচেভ রোববার (১৩ সেপ্টেম্বর) এ অভিযোগ করেন। খবর রয়টার্সের।

লিখাচেভ বলেন, শুক্রবার জ্বালানিবাহী ট্রাকগুলো লক্ষ্য করে ইউক্রেনীয় বাহিনী ধারাবাহিকভাবে কয়েক দফা সমন্বিত হামলা চালায়। এতে দুই রুশ সেনা নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলেও জানান তিনি।

এক বিবৃতিতে লিখাচেভ বলেন, হামলাগুলো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সীমানার খুব কাছেই আঘাত হানে। নিহত ও আহত রুশ সেনারা কেন্দ্রটিতে ডিজেল সরবরাহের মতো বেসামরিক কার্যক্রমে সহায়তা করছিলেন বলে দাবি করেন তিনি।

ইউরোপের সবচেয়ে বড় জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে ৬টি রিঅ্যাক্টর রয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহের মধ্যেই কেন্দ্রটি রুশ বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়। এরপর থেকেই কেন্দ্রটির নিরাপত্তা ঝুঁকিতে ফেলার জন্য নিয়মিত একে অপরকে দায়ী করে আসছে রাশিয়া ও ইউক্রেন।

কেন্দ্রটির নিরাপত্তায় ডিজেল জ্বালানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাইরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে রিঅ্যাক্টরগুলোর পারমাণবিক জ্বালানি ঠান্ডা রাখতে ডিজেলচালিত জেনারেটর ব্যবহার করা হয়। গত আগস্ট ও সেপ্টেম্বরে কেন্দ্রটির দুটি বহিরাগত বিদ্যুৎ সংযোগ প্রায় তিন সপ্তাহ বন্ধ ছিল।

বর্তমানে কেন্দ্রটি বিদ্যুৎ উৎপাদন করছে না। ইউক্রেন রাশিয়াকে কেন্দ্রটি ছেড়ে দিয়ে এর পরিচালনা আবার কিয়েভের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে মস্কো সেই দাবি প্রত্যাখ্যান করেছে।

জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ জাপোরিঝঝিয়া কেন্দ্রটিতে স্থায়ীভাবে একটি পর্যবেক্ষক দল মোতায়েন রেখেছে। ইউক্রেনের অন্য তিনটি সচল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রেও সংস্থাটির পর্যবেক্ষক রয়েছে।

কেন্দ্রটির নিরাপত্তা নিয়ে বিরোধ দেখা দিলে আইএইএ বিভিন্ন সময়ে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। গত মাসেও কেন্দ্রটির মেরামতকাজ ও বহিরাগত বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের জন্য স্থানীয় পর্যায়ে যুদ্ধবিরতির ব্যবস্থা করতে সহায়তা করে সংস্থাটি। সূত্র : রয়টার্স

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম