শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : রাজশাহী

এ এফ মুজিবুর রহমান স্বর্ণপদক পেলেন রাবির ৮ শিক্ষার্থী


রাবি প্রতিনিধি
DhakaReport24.com || 2022-03-28 21:01:45
এ এফ মুজিবুর রহমান স্বর্ণপদক পেলেন রাবির ৮ শিক্ষার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৮ শিক্ষার্থীকে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন স্বর্ণপদক প্রদান করা হয়েছে। ২০১৮ সালের বিএসসি ও এমএসসি পরীক্ষায় ভালো ফলাফল করায় তাদের এই পদক প্রদান করা হয়। 

সোমবার (২৮ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে এই পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

পদকপ্রাপ্তদের মধ্যে বিএসসি পরীক্ষায় ভালো ফলাফলকারীদের ২০ হাজার ও এমএসসি পরীক্ষায় ভালো ফলাফলকারীদের ৩০ হাজার টাকার চেকসহ একটি পদক ও একটি সনদ প্রদান করা হয়। পদকপ্রাপ্ত আটজন শিক্ষার্থীর মধ্যে রয়েছেন, গণিত বিভাগের পাঁচজন ও ফলিত গণিত বিভাগের তিনজন।

পদকপ্রাপ্ত গণিত বিভাগের পাঁচ শিক্ষার্থী হলেন-তৌহিদা, মাহমুদা আক্তার, শেখ রাজিয়া সুলতানা, মো. আলমগীর হোসেন ও আলফি জান্নাত। এদের মধ্যে তোহিদা বিএসসি পরীক্ষা ও বাকিরা এমএসসি পরীক্ষায় ভালো ফলাফল করায় এই পদক পেয়েছেন। 

পদকপ্রাপ্ত ফলিত গণিত বিভাগের তিন শিক্ষার্থী হলেন-মো. সম্রাট আলী, মোসা. হোসনে আরা খাতুন ও মো. নজরুল ইসলাম। এদের মধ্যে মো. সম্রাট আলী বিএসসি পরীক্ষা ও বাকিরা এমএসসি পরীক্ষায় ভালো ফলাফল করায় এই পদক পেয়েছেন। 

পদক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক সাহেদ জামান ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি মো. নুরুল আলম। গণিত বিভাগের সভাপতি অধ্যাপক নাসিমা আখতারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ফলিত গণিত বিভাগের সভাপতি অধ্যাপক মো. আতিকুর রহমান।

প্রসঙ্গত, আবুল ফয়েজ (এ এফ) মুজিবুর রহমান ছিলেন ভারতবর্ষের প্রথম বাঙালি মুসলিম আইসিএস কর্মকর্তা। তিনি ১৯২০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিশুদ্ধ গণিতে (স্নাতকোত্তর) প্রথম শ্রেণিতে প্রথম হন। তিনি বিখ্যাত গণিতবিদ স্যার আশুতোষ মুখার্জির সর্বোচ্চ নম্বরপ্রাপ্তির রেকর্ডও ভাঙেন।

ক্ষণজন্মা এই মানুষটির স্মরণে তাঁর নামে ১৯৮৫ সালে ছেলে রেজাউর রহমান প্রতিষ্ঠা করেন এই ফাউন্ডেশন। বাংলাদেশে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস প্রসারে তাঁর ভূমিকা রয়েছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে গণিতে ভালো ফল করা শিক্ষার্থীদের স্বর্ণপদক দেওয়া হয়। এবার সপ্তমবারের মতো রাবিতে এই স্বর্ণপদক প্রদান করা হলো।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম