উল্লাপাড়া মডেল থানা পুলিশ শনিবার গাছে ঝুলন্ত অবস্থায় মোস্তফা কামাল সাদ্দাম (৩৮) নামের এক দোকানীর লাশ উদ্ধার করেছে। উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ঘিয়ালা জামে মসজিদের পাশে কাঁঠাল গাছে ঝুলছিল লাশটি।
সাদ্দামে এই গ্রামের মৃত রমজান মিয়ার ছেলে। তিনি পেশায় একজন মুদী দোকানদার।
স্থানীয়রা জানান, সকালবেলা ঘিয়ালা জামে মসজিদে নামাজ পড়তে গিয়ে মুসল্লিরা পাশের কাঁঠাল গাছে সাদ্দামের লাশ ঝুলতে দেখেন। প্রথমে তারা সাদ্দামের বাড়িতে খবর দেন এবং পরে পুলিশকে। উল্লাপাড়া মডেল থানা পুলিশ বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের চাচা সাহেদ আলী জানান, সাদ্দামের মৃত্যুর কারণ এখন তাদের কাছে স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করেছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সাদ্দামের মৃত্যুর ব্যাপারে পুলিশ সঠিকভাবে কোন তথ্য দিতে পারছে না।
ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম