উল্লাপাড়া উপজেলার হোরপাড়া গ্রামে জমির মালিকানা নিয়ে শুক্রবার বেলা ১০টার দিকে বাচ্চু মিয়া ও শাহ আলম খাঁ দলের মধ্যে সংঘর্ষ হয়। এতে মহিলাসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনকে গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরা হলেন, হোরপাড়া গ্রামের মোঃ ভাসা (৩৫) হায়দার আলী (৩৪) ও রফিকুল ইসলাম (৩০)। পরে হায়দার আলীর অবস্থা খারাপ হলে তাকে ঢাকায় পাঠানো হয়। আহতদের মধ্যে আরও রয়েছেন, সাহেরা খাতুন (৩০), ঝরণা খাতুন (৩২), আজিরন (৩৩), শাহ আলম (৫২), বাচ্চু মিয়া (৫০) সহ আরও কয়েকজন। এদেরকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হোরপাড়া গ্রামের বাসিন্দারা জানান, উক্ত গ্রামের মাঠে ১৮ শতক ফসলী জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের বাচ্চু মিয়া ও শাহ আলম খাঁ’র মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার এই জমির দখল নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে হাতাহাতি হয়। একসময় উভয় পক্ষ লাঠিসোটা নিয়ে একে অপরের উপর হামলা চালায়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক সাহেব গণি ঘটনাস্থল থেকে ফিরে জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দিয়ে নিয়ন্ত্রনে আনে। বর্তমানে গোলযোগকারীরা গ্রাম থেকে পালিয়ে গেছে। গ্রামে পুলিশ অবস্থান নিয়েছে। এক পক্ষের নেতা বাচ্চু মিয়া অপর পক্ষ শাহ আলম খাঁ’র লোকজনের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় একটি অভিয়োগ দায়ের করেছেন।
এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, হোরপাড়া গ্রামের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম