রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে মহাসড়কে নেই জট, আছে ভোগান্তি 


DhakaReport24.com || 2022-05-01 13:28:45
সিরাজগঞ্জে মহাসড়কে নেই জট, আছে ভোগান্তি 

শাওয়াল মাসের চাঁদের দেখা মিলতে আর বাকি একদিন। ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগ করতে রাজধানী ছাড়ছে মানুষ। এতে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ থাকলেও নেই জট। তবে গণপরিবহণের অতিরিক্ত ভাড়ার চাপে কম খরচে ট্রাকে করে বাড়ি ফিরছেন নিম্ন আয়ের মানুষ। নারী ও শিশুসহ এমন যাত্রায় ভোগান্তি নিয়েই ফিরছেন তারা।   

রবিবার (১মে ) ভোর থেকেই সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত মহাসড়কে অন্যান্য যানবাহনের পাশাপাশি ঢাকা-নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্ত হতে পণ্যবাহী ট্রাকে করে গ্রামে ফিরছে মানুষ। এদের মধ্যে রয়েছে নারী ও শিশু।

মহাসড়ক ঘুড়ে দেখা যায়, যানবাহনে ঘরমুখো মানুষের চাপে। ট্রাক গুলোতেও যাত্রীর ভিড়। প্রচন্ড রোদ্র আর রোজা থাকার কারণেঅনেকে ট্রাক থেকে নেমে ভাড়ায় চালিত মোটরসাইকেলের দ্বারস্থ হচ্ছেন।

পরিবার নিয়ে ঢাকা থেকে বগুড়া গামী ট্রাক যাত্রী আলামিন জানান, ঢাকা থেকে পরিবার নিয়ে বগুড়া যাচ্ছি। বাসের তুলনায় ট্রাকে ভাড়া কমের কারণে পরিবারসহ ট্রাকে উঠেছি। কষ্ট হচ্ছে তারপরেও স্বজনদের সঙ্গে ঈদ করবো এটাই আনন্দের।

ট্রাকের যাত্রী মুসা বলেন, স্বল্প বেতনের চাকরি করি। বাসে সিট পাওয়া খুবই কঠিন। অতিরিক্ত ভাড়া দিয়ে প্রাইভেটকার অথবা মাইক্রোবাসে যাওয়ার সামর্থ্য নেই। তাই কম ভাড়ায় ঝুঁকি নিয়ে ট্রাকে করে স্বজনদের সঙ্গে ঈদ করতে গ্রামের বাড়ি পাবনা যাচ্ছি।

রাজশাহীগামী ট্রাকযাত্রী সুমন, সালাম, সোনাবুল্লা ও আবির  জানান, বাসে ভাড়া বেশি। আমরা সামান্য বেতনের চাকরি করি। তাই কষ্ট হলেও ট্রাকে করে বাড়ি ফিরছি।

এদিকে গত কয়েক বছরের তুলনায় এবার তেমন একটা যানজট বাধছে না মহাসড়কে । সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ থাকলেও চলছে স্বাভাবিক গতিতে৷ 

নাটোরগামী বাসযাত্রী মাসুম বলেন, গত কয়েক বছর বাড়ি ফিরতে যানজটের মধ্যে পড়তে হত। তবে এবারে চিত্রটা ভিন্ন,  যানজট নেই।  সুন্দর ভাব বাড়ি ফিরছি। 

বাসচালক রেজাউল করিম বলেন, যানজট হলে আমাদের ভোগান্তির শেষ নাই। তবে এবার ভোগান্তি অনেকটা কম। যানজট না থাকায় এবার ঈদে ঘরমুখো মানুষদের দুরত্ব গন্তব্যে পৌঁছে দিচ্ছি।  

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোসাদ্দেক আলী ও হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। তবে ধীরগতি বা যানজটের ভোগান্তি নেই। স্বাভাবিক গতিতে চলছে যানবাহন। যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছে পুলিশ।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম