দিনাজপুরের বিরামপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৪টায় হিলি-বিরামপুর সড়কের জোয়ালকামড়া মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন হাকিমপুর উপজেলার পৌর শহরের চারমাথা মোড়ের আলতাফ হোসেনের ছেলে মিজানুর রহমান মুক্তার (৪২) ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের পলাশ মিনজি (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, হিলি-বিরামপুর সড়কের জোয়ালকামড়া মোড় এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা ৪ জন যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমান মুক্তার নামে এক যাত্রীকে মৃত ঘোষণা করেন। বাকিদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে স্থানান্তর করা হলে সেখানে পলাশ মিনজি নামে আরও একজন মারা যান।
বিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, ট্রাকটি জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম