কুড়িগ্রামের চিলমারী উপজেলায় নুরানি মাদ্রাসার এক শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাহমুদুল হাসান (৩৩) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা এলাকার রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই মাদ্রাসারই শিক্ষক। আটককৃত শিক্ষক মাহমুদুল হাসান উপজেলার ঢুষমারা থানার ডাটিয়ারচর এলাকার শরিফ উদ্দিনের ছেলে।
ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার ভোররাতে রমনা মডেল ইউনিয়নের রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসায়।
এ ব্যাপারে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদ্রাসার শিক্ষার্থী (১২)কে ধরে বলাৎকারের চেষ্টা করেছিল সহকারী শিক্ষক মাহমুদুল হাসান।
ভোররাতে মাদ্রাসার কক্ষের ভেতর ওই ছাত্রকে জোরপূর্বক বলাৎকার করার চেষ্টা করে ওই শিক্ষক। পরে শিশুটি পালিয়ে বাড়ি গিয়ে তার মাকে ঘটনার বিষয়ে বিস্তারিত জানায়। এ ঘটনায় শিশুটির মা বৃহস্পতিবার সকালে থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা করলে বিকেলে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়।
ঢাকারিপোর্ট২৪ডটকম/সাকা/আরএএম