পার্বতীপুর থেকে বুড়িমারী কমিউটার ট্রেনটি প্রতিদিন ভোর ৫:৪৫ মিনিটে ছেড়ে রংপুর, লালমনিরহাট হয়ে বুড়িমারীতে পৌঁছাত সকাল ১০টায়।
বিশ মিনিট বিরতি শেষে পুনরায় বুড়িমারী, লালমনিরহাট, রংপুর হয়ে দিনাজপুরের পার্বতীপুরে বেলা সাড়ে ৩টায় পৌঁছাত। কিন্তু গত ১ মার্চ থেকে পার্বতীপুর ও রংপুরে ট্রেন চলাচল বন্ধ করে শুধু লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর রেলস্টেশন পর্যন্ত চলাচল করছে এই বুড়িমারী কমিউটার ট্রেনটি।
এদিকে কমিউটার ট্রেনের এই রুট কমানোর ফলে ভোগান্তিতে পড়েছেন লালমনিরহাটের পাঁচ উপজেলার রেল যাত্রীরা। রংপুর ও লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার শিক্ষার্থীরা এ কমিউটার ট্রেনে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াতে সুযোগ পেতেন। এ ছাড়া ভারতের চেন্নাই, শিলিগুড়িসহ অন্য শহরে চিকিৎসা নিতে বুড়িমারী কমিউটার ট্রেনটি ব্যবহার করত যাত্রীরা। পাশাপাশি বুড়িমারী স্থলবন্দরে রংপুর বিভাগের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা যাতায়াতের পাশাপাশি প্রতিদিন কয়েক হাজার যাত্রী ট্রেনটিতে যাতায়াত করত। এই অবস্থায় ট্রেনটির রুট কমে যাওয়ায় শিক্ষার্থী, চাকুরিজীবী ও রংপুরে চিকিৎসা নিতে যাওয়া মানুষ ভোগান্তিতে পড়েছে।
বুড়িমারী স্থলবন্দরের অনেক ব্যবসায়ী রুট কমানোয় চরম ক্ষোভ প্রকাশ করেছেন। কমিউটার ট্রেনটিতে যাতায়াতের ফলে তাদের যাত্রা নিরাপদের পাশাপাশি কম সময়ে পৌঁছানো যেত বলে মনে করেন তারা। ট্রেনের নিয়মিত যাত্রী ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, বুড়িমারী কমিউটার ট্রেনে রংপুরে যাতায়াত করতাম। এখন এটি বন্ধ হলে বিকল্প কোনো ট্রেন না থাকায় বাসে যেতে হবে। কিন্তু শিক্ষার্থীদের তো সংকটই থেকে গেল। ট্রেনটি বন্ধ করার আগে রেল বিভাগের আরও ভাবা উচিত। অপরদিকে রমনা কমিউটারের সময় তো যাত্রীদের তেমন কোনো কাজে আসবে না। ফলে বৃহত্তর রংপুর বিভাগে ট্রেন যোগাযোগ ভেঙ্গে পড়বে। বেগম রোকেয়া ও কারমাইকেল কলেজের একাধিক শিক্ষার্থীও এতে ক্ষোভ প্রকাশ করে ট্রেনটি আবারও চালুর দাবি জানিয়েছেন।
লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক শাহ মোহাম্মদ সুফী নুর বলেন, রেলওয়ে বিভাগের সিদ্ধান্তে এটি করা হয়েছে। বুড়িমারী-লালমনিরহাট রেল চলাচল ঠিক রাখা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম