তিন সংস্করণেই খেলতে রাজি হয়েছেন সাকিব আল হাসান। বিসিবির সঙ্গে চুক্তিতে সে হিসেবে জাতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে ও টেস্ট দুই সিরিজেই পাওয়ার কথা তাকে। কিন্তু সেটা হচ্ছে না। মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে গেলেও দুই টেস্টের সিরিজে খেলবেন না বাঁহাতি এই অলরাউন্ডার।
বিশ্বকাপ সুপার লিগের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলে আইপিএলে যোগ দেবেন তিনি। এক মাসেরও কিছুটা বেশি সময় ভারতের এই টি২০ লিগে খেলে দেশে ফিরবেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলতে। তবে মুস্তাফিজ আইপিএলের পুরোটাই খেলতে পারবেন বলে বিসিবি থেকে ভারতীয় বোর্ডকে জানানো হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলে আইপিএলে যোগ দেবেন তিনি।
গতকাল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ সুপার লিগের সিরিজের সূচি ঘোষণা করে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড (এসএ)। ১৮, ২০ ও ২৩ মার্চ হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। তামিম ইকবালের নেতৃত্বে এক দিনের ম্যাচের সিরিজটি শেষ করে ভারতের বিমান ধরবেন সাকিব।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, 'সে দক্ষিণ আফ্রিকা যাবে, সেটা বলেছে। কোনটা খেলবে, কোনটা খেলবে না- সেটা পরে ঠিক হবে। আর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে সাকিব থাকবে। ৮ থেকে ২৩ মে পর্যন্ত জাতীয় দলের সঙ্গে থাকবে।'