ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনের কিংবদন্তি ফুটবলার সুলেইমান আল-ওবেইদ। গাজার দক্ষিণাঞ্চলে মানবিক সহায়তার জন্য অপেক্ষারত অবস্থায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ‘ফিলিস্তিনের পেলে’ খ্যাত ৪১ বছর বয়সী এই তারকা ছিলেন দেশটির জাতীয় দলের অন্যতম ভরসার নাম।
ফিলিস্তিনি ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ গাজায় মানবিক সহায়তার জন্য অপেক্ষারত অবস্থায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় শহীদ হয়েছেন সুলেইমান আল-ওবেইদ। তারা তাকে ‘শহীদ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।
পাঁচ সন্তানের বাবা আল-ওবেইদ ছিলেন ফিলিস্তিনের ফুটবল ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র। গাজার খাদামাত আল-শাতি ক্লাব থেকে শুরু করে পশ্চিম তীরের আল-আমারি ইয়ুথ সেন্টার এবং গাজা স্পোর্টস ক্লাবের হয়ে খেলার মাধ্যমে গড়েছেন সমৃদ্ধ ক্যারিয়ার। জাতীয় দলের জার্সিতে তার ছিল নিরবিচার উপস্থিতি ও অসংখ্য স্মরণীয় মুহূর্ত।
নিজের ক্যারিয়ারে শতাধিক গোল করা এই স্ট্রাইকার শুধু দক্ষ ফুটবলারই ছিলেন না, ছিলেন মানুষের প্রেরণার এক প্রতীক। মাঠে যেমন দুর্দান্ত পারফর্ম করতেন, তেমনি মাঠের বাইরেও ছিলেন এক জনপ্রিয় ক্রীড়া ব্যক্তিত্ব, যিনি শেষ দিন পর্যন্ত তার মাতৃভূমি এবং জনগণের পাশে ছিলেন।
ফিলিস্তিনি ফুটবল ফেডারেশন জানিয়েছে, চলমান ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ক্রীড়াঙ্গনের অন্তত ৩২১ জন সদস্য প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে রয়েছেন খেলোয়াড়, কোচ, রেফারি, সংগঠক ও বোর্ড সদস্যরা।
সুলেইমান আল-ওবেইদের মৃত্যু শুধু ফিলিস্তিন নয়, বরং গোটা ক্রীড়াবিশ্বের জন্য এক অপূরণীয় ক্ষতি। গোলের জাদুকর হিসেবে পরিচিত এই নীরব নায়কের গল্প শেষ হলো ধ্বংসস্তূপ আর ধোঁয়ার মধ্যে। যুদ্ধবিধ্বস্ত মাতৃভূমির প্রতি অগাধ ভালোবাসা নিয়েই যেন জীবনের শেষ সময়টুকুও কাটালেন ‘ফিলিস্তিনের পেলে’। সূত্র: জর্ডান নিউজ
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম