ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমে ভালো করতে পারেননি মুস্তাফিজুর রহমান। তাতে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নামা হলো না কাটার মাস্টারের। তার বদলে একাদশে জায়গা পেয়েছেন তানজিম হাসান সাকিব।
বুধবার (১৩ মার্চ) দুপুর আড়াইটায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই ম্যাচে আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস।
ম্যাচটিতে ৫ জন বোলার নিয়ে নেমেছে দুদলই। বাংলাদেশের একাদশে রয়েছেন ২ জন স্পিনার ও ৩ জন পেসার। পেসার হিসেবে খেলছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। টি-টোয়েন্টিতে নামের প্রতি সুবিচার করতে না পারায় এই ম্যাচে রাখা হয়নি মুস্তাফিজকে।
বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন তানজিম হাসান সাকিব। তাতে মুস্তাফিজের বদলে তাকে সুযোগ দেওয়া হয়েছে। আর স্পিনার হিসেবে সুযোগ দেওয়া হয়েছে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজকে।
বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন আনা হয়েছে লায়নদের বিপক্ষে। এনামুল হক, রিশাদ হোসেন ও মুস্তাফিজের বদলে খেলছেন মাহমুদউল্লাহ, তাসকিন ও তাইজুল।
ম্যাচ শুরুর আগে বাংলাদেশের দলপতি শান্ত বলেন, ‘আমাদের চেজ করতে সমস্যা নেই। মনে হচ্ছে, ভালো উইকেট। মাঝে মধ্যে রাতে কিছুটা ডিউ হতে পারে। আমরা নিউজিল্যান্ডে ভালো ক্রিকেট খেলেছি। আজকে নতুন হলেও আমরা পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এগিয়ে যেতে চাই। নতুন দিন, নতুন ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলার আশা করছি।’
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম