রাজনৈতিক ব্যস্ততার কারণে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট স্ট্রাইকার্সের হয়ে আর খেলবেন না মাশরাফি বিন মর্তুজা। এমনটি জানিয়েছেন সিলেট কোচ রাজিন সালেহ।
এ নিয়ে সিলেটের হেড কোচ রাজিন সালেহ বৃহস্পতিবার বলেন, 'না, ওর আসলে চান্স খুবই কম। সত্যি কথা বলতে অফিস নিয়ে ও ব্যস্ত। যেহেতু সে এখন পারবে না হয়তো পরবর্তী বছর সে ভালোভাবে কামব্যাক করবে।'
এর আগে গত জানুয়ারি মাসের শেষে বিপিএল থেকে মাশরাফি বিরতি নিচ্ছেন বলে জানায় সিলেট কর্তৃপক্ষ। সেসময় বলা হয়েছিল, সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক দল থেকে সরে গিয়ে আপাতত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। যেখানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের হুইপের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক দলনেতা।
‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত এই তারকার এবারের বিপিএলে খেলা নিয়ে নানা বিতর্ক চলছিল। তিনি সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক থাকা অবস্থায় পাঁচ ম্যাচ খেলে সবকটিতে হেরেছিল দলটি। দলের সেই অবস্থায়, তখন সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।
সিলেট সেসময় অবশ্য পুরো আসরে জন্য মাশরাফি ছাড়ছে না বলে জানিয়েছিল। দলটির প্রত্যাশা নিজের রাজনৈতিক ক্যারিয়ারের পর সুযোগ পেলে আবারও দলের সঙ্গে যুক্ত হবেন তিনি। তবে চলতি মৌসুমে আর ফেরা হচ্ছে না।
এদিকে মাশরাফি না থাকায় সিলেটের নেতৃত্ব দিচ্ছেন দলটিতে সহ-অধিনায়কের দায়িত্বে থাকা মোহাম্মদ মিঠুন। চলমান বিপিএলে খুবই বাজে অবস্থা সিলেটের। নয় ম্যাচে মাত্র তিন জয় নিয়ে পয়েন্ট তালিকার ষষ্ঠ অবস্থানে আছথানে আছে দলটি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম