২০১২ সালে সরকার কর্তৃক মনোনীত হবার পর প্রথম দেশের সবচেয়ে প্রভাবশালী ক্রীড়া সংস্থার সভাপতি হন নাজমুল হাসান পাপন। এরপর প্রায় এক যুগ কেটে গেছে একই দায়িত্বে। চার মেয়াদে দায়িত্ব পালন করছেন বিসিবির। তবে চলতি মেয়াদ শেষ হলে যে আর থাকছেন না পাপন সেটিই জানিয়ে দিলেন আজ সোমবার।
দুপুরে নিজ বাসভবনে সাবেক অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে বৈঠকে বসেন নাজমুল হাসান পাপন। তামিম ইকবালের ভবিষ্যৎ পরিকল্পনা জানতেই তার এই বৈঠক।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পাপন বলেছেন, আর এক বছর পর বিসিবি প্রধানের নতুন মেয়াদের দায়িত্ব নেবেন না তিনি। তবে এও বলেছেন, যাওয়ার আগে দলটাকে ঠিকঠাক করে যাবেন।
'আমি আর বেশি দিন নেই। এরপর এক বছর আছে। তবে যাওয়ার আগে নিশ্চিতভাবে আমি টিমটাকে ঠিক করে যাব, মানে যা যা করা দরকার করে যাব। সেটা ঠিক হবে কিনা, আমি জানি না। আমি যেটা মনে করি যেটা করা দরকার করব, সেটা যদি অনেক কঠিন সিদ্ধান্ত হয় সেটাও নেব।'
তিনি আরও বলেন, 'আমি আসলে একজন একটা কথা বলবে, ওটা শুনে সিদ্ধান্ত নেব এটার মধ্যে নেই। আমি নিজে ভেতরে ঢুকব, আগে যেমন সব জানতাম। এখন আমি জানি না অনেক কিছু, সেটা তামিমও স্বীকার করল যে আপনি জানেন না।
আমি বললাম আমি আগে সব জেনে নিই, খালি তোমার (তামিম) সঙ্গে কথা বলে তো না, আমি সবার সঙ্গে কথা বলে আমি ভেতরে যাব। এরপর যা যা সিদ্ধান্ত নেওয়ার আমি নেব, এতে করে কে পছন্দ করল বা না করল আমার কিছু আসে যায় না। ক্রিকেটের স্বার্থে যা যা সিদ্ধান্ত নিতে হয়, সেটা যদি খুব কঠিনও হয়, আমি নেব।'
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম