বিশ্বকাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচে ঘটেছে এক নাটকীয় ঘটনা। টাইম আউট হয়েছিলেন লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে টাইম আউট হন তিনি। এই আউট নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। এবার তাতে সামিল হয়েছেন টাইগারদের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।
সোমবার (৬ নভেম্বর) ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকব্লগ ডটনেটকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ব্যক্ত করেছেন তীব্র হতাশা। তিনি বলেন, 'এটা (টাইমড আউট) দেখতে হতাশাজনক লেগেছে। আমি সাকিবের সুযোগ নেওয়াটা বুঝতে পারছি। তার বক্তব্য, "আমি জেতার জন্য সবকিছু করেছি।" আমার গলা শুনেই বুঝতে পারছেন, ব্যাপারটা আমার পছন্দ হয়নি, এমন কিছু আমি পছন্দ করি না। যা ঘটেছে তা দেখাটা সত্যিই খুব কঠিন ছিল, শ্রীলঙ্কার সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় সময়ের কারণে কোনো বল না খেলেই আউট হয়ে মাঠ ছেড়ে চলে গেল।'
ডোনাল্ডের চোখে ব্যাপারটা ক্রিকেটীয় চেতনার পরিপন্থী। তিনি আরও বলেন, 'এই খেলার প্রতি ও একে অন্যের প্রতি সম্মান ও মর্যাদার কথা বলা হয়ে থাকে, ক্রিকেটের চেতনার কথা বলা হয়ে থাকে। আমি এমন জিনিস দেখতে চাই না। এটা স্রেফ আমার কথা। আমাদের খেলায় এমন কিছু আমি দেখতে চাই না যেখানে... হ্যাঁ, (ফিল্ডারদের) কেউ একজন চটপটে ছিল এবং (সাকিবকে) বলেছে, "হ্যাঁ, তুমি আপিল করতে পারো।" আমার তখন মনে হয়েছে, "সত্যিই, এটা ঘটতে যাচ্ছে না। এটা হতে পারে না। এটা একদমই হতে পারে না!"'
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম