ম্যাচের শুরু থেকেই কিউই ওপেনারদের বাউন্স বলের ফাঁদে ফেলার চেষ্টা করছিলেন মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ। অবশেষে ইনিংসের তৃতীয় ওভারের তিন নম্বর বলটি কাজে এসেছে। মিড উইকেটে ফেলা মুস্তাফিজের বলটি সোজা বুকের ওপর উঠে আসছিল। ব্যাট সরাতে গিয়েও ব্যর্থ হয়েছেন উইল ইয়াং, ফলে কানা লেগে তিনি তালুবন্দি হয়েছেন উইকেটের পেছনে থাকা লিটন দাসের।
দলীয় ১৫ রানেই প্রথম উইকেট হারিয়েছে কিউইরা। এর আগে ইয়াং ৮ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি। তবে দ্রুত উইকেট পড়লেও আক্রমণাত্মক মেজাজেই ব্যাট চালাচ্ছিলেন আরেক ওপেনার ফিন অ্যালেন। সপ্তম ওভারে ফিজের প্রথম ডেলিভারি বলেও তিনি সজোরে হাঁকিয়েছেন। অফ-স্টাম্প বরাবর বলটি অ্যালেনের ব্যাট ছুঁয়ে মাথার ওপর দিয়ে যেতে থাকা ক্যাচ লাফিয়ে ধরেন সৌম্য সরকার। অ্যালেন ফিরেছেন মাত্র ১২ রানে (১৫ বল)।
প্রতিবেদন লেখার সময় নিউজিল্যান্ডের স্কোর- ৯ ওভারে ৪১ রান ৩ উইকেটের বিনিময়ে। টম ব্লান্ডেল ২ বলে ০ ও হেনরি নিকোলস ১১ রানে অপরাজিত আছেন।
দুই দলের একাদশ
বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। আগের ম্যাচে থাকা তানজিম সাকিব (চোট) ও নুরুল হাসান সোহানকে বসানো হয়েছে। সেই জায়গায় নেওয়া হয়েছে দুজন পেসার। দলে ফিরেছেন গতকালই স্কোয়াডে যুক্ত হওয়া পেসার হাসান মাহমুদ। এছাড়া ওয়ানডেতে অভিষেক হয়েছে খালেদ আহমেদের।
বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ : ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বোয়েস, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএফ/আরএএম