কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ২০২৬ বিশ্বকাপের জন্য নিজেদের অভিযান। বাছাইপর্বের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে জয়ের পর বলিভিয়ার জালে গোল উৎসব করেছে লিওনেল স্ক্যালোনির দল। তবে এসবের মাঝে মাঠে গড়িয়েছে কনমেবল অনূর্ধ্ব-২০ ফুটসাল। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে স্বপ্নভঙ্গ হয়েছে আলবিসেলেস্তেদের।
ভেনিজুয়েলার লা গুয়াইরা শহরের জোসে মারিয়া ভার্গাস ডোমে অনুষ্ঠিত হয়েছে এবারের কনমেবল অনূর্ধ্ব-২০ ফুটসাল। নবম আসরের ফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল-আর্জেন্টিনা।
এই টুর্নামেন্টের শিরোপা কেবল মাত্র একবারই নিজেদের ঘরে তুলতে পেরেছিল আর্জেন্টিনা। এবার হাতছানি ছিল দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার। তবে সেই স্বপ্ন ভেঙে দেয় ব্রাজিল।
আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে সেলেসাওরা। ফাইনালের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। তবে ম্যাচের ১৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে নেন থিয়াগুইনহো কানারিনহা।
শেষ পর্যন্ত আর গোল না হলে ১-০ ব্যবধানে ম্যাচ জিতে নিয়ে অষ্টম শিরোপা ঘরে তুলে ব্রাজিল। এই আসরে তৃতীয় স্থান অর্জন করেছে কলম্বিয়া।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম