মার্চ মাসের জন্য আইসিসির সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। শক্ত প্রতিদ্বন্দ্বিতায় সাকিব পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানকে।
আর মার্চ মাসে আইসিসির সেরা নারী ক্রিকেটার হয়েছেন রুয়ান্ডার ১৯ বছর বয়সী অলরাউন্ডার হেনরিয়েট ইশিময়ে। ২০২১ সালে চালু হওয়ার পর দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন সাকিব। টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছাড়াও বাংলাদেশের পুরুষ ক্রিকেটার হিসেবে পুরস্কারটি জিতেছেন মুশফিকুর রহিম (২০২১ সালের মে)।
মার্চ মাসের সেরা ক্রিকেটার হয়ে সাকিব বলেছেন, ‘আমি এই পুরস্কার জিততে পেরে সম্মানিত। বিশেষজ্ঞ প্যানেল যারা আমাকে ভোট দিয়েছে, তাদের ধন্যবাদ দিতে চাই। এ স্বীকৃতির মূল্য আমার কাছে অনেক। কারণ দুর্দান্ত কিছু ক্রিকেটারের বেশ কিছু বিশেষ পারফরম্যান্স ছিল গত মাসে।’গত মাসে তিন সংস্করণ মিলিয়ে ১২ ম্যাচে ৩৫৩ রান আর ১৫ উইকেট নেওয়ায় এই মনোনয়ন পান সাকিব।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম