বার্সেলোনা থেকে নাড়ির সম্পর্ক ছিন্ন করে গত বছর ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দিয়েছিলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী খেলোয়াড় লিওনেল মেসি। প্রথম মৌসুমটা নিজের ছায়া হয়ে ছিলেন মেসি। ফলে ফরাসি ক্লাবটির সমর্থকদের দুয়োও শুনতে হয়েছে তাকে। যা বার্সেলোনায় কখনো চিন্তাও করা যায় না।
তবে চলতি মৌসুমে দুর্দান্তভাবে ছুটে চলছেন মেসি। পিএসজিতে পুরো প্রথম মৌসুমে যেখানে ১১ গোল সেখানে চলতি মৌসুমে ইতোমধ্যে ১২ ম্যাচ খেলে করে ফেলেছেন ৭ গোল আর অ্যাসিস্ট করেছেন ৮ গোলে। এখান পর্যন্ত সবই ঠিক আছে। তবে মূল কথা চলতি মৌসুম শেষেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে মেসির। হয়ে যাবেন ফ্রি। তাই তিনি ইচ্ছে করলে যে কোনও ক্লাবেই পাড়ি জমাতে পারবেন। তার জন্য সংশ্লিষ্ট ক্লাবকে কোনও টাকা প্রদান করতে হবে না।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবর চলতি মৌসুমের শুরুতে মেসিকে রেখে দিতে নতুন করে দুই বছরের প্রস্তাব দিয়েছে পিএসজি। তবে মেসি তার সিদ্ধান্ত বিশ্বকাপের পর জানাবেন বলে জানিয়েছেন। এদিকে জোর গুঞ্জন তাকে পুনরায় দলে ভেড়াতে তোড়জোড় শুরু করেছে সাবেক ক্লাব বার্সেলোনা। ইতোমধ্যে এ বিষয়ে গণমাধ্যমে সরাসরি কথা বলেছেন বার্সা সভাপতি ও কোচ।
গত রাতে (মঙ্গলবার) উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সি গ্রুপের ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। সংবাদ সম্মেলনে ৩৫ বছর বয়সী মেসির বার্সায় ফেরা নিয়ে মুখ খুলতে হয় জাভিকে।
সেখানে তিনি বলেন, লিওকে নিয়ে দেখা যাক কী হয়। কিন্তু তাকে নিয়ে কথা বলার জন্য এখন উপযুক্ত মুহূর্ত নয়। আপনারা জানেন তার প্রতি আমার ভালোবাসার কথা। সে আমার বন্ধু এবং আমি সব সময় তার শুভকামনা করি। বার্সা তার বাড়ি। কিন্তু তার ভবিষ্যৎ নিয়ে কথা বলে আমরা তার কোনো উপকারও করছি না।
এরপর তিনি বলেন, তাকে শান্তিতে থাকতে দিন যেন প্যারিসে তার সময়টা সে উপভোগ করতে পারে এবং তাকে শুভকামনা জানান।পার্ক দ্য প্রাসে প্রথম মৌসুমে লিগ ওয়ানে ২৬ ম্যাচে মাত্র ৬ গোল আর সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচে মেসির নামের পাশে ছিল ১১ গোল। এমন পারফরম্যান্সের ফলে গত আগস্টে ২০২২ সালের ব্যালন ডি'অর জয়ের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে ছিটকে যান তিনি।
চলমান ২০২২-২৩ মৌসুমে অবশ্য চেনারূপে আবির্ভূত হয়েছেন মেসি। লিগে ৯ ম্যাচেই পেয়েছেন ৫ গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে ৭ গোল করেছেন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড। পাশাপাশি সতীর্থদের ৮ গোলে রেখেছেন অবদান।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম