আফগানদের বিপক্ষে হেরে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ। মঙ্গলবার (৩০ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতের শারজায় নয় বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে আফগানিস্তান।। বাংলাদেশের বিপক্ষে এই জয় দিয়ে সবার আগে সুপার ফোর নিশ্চিত করেছে আফগানরা।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ব্যাটিং সহায়ক জানিয়ে শুরুতে ব্যাটিং নেন অধিনায়ক সাকিব আল হাসান। অথচ দুবাই স্টেডিয়ামে আগের দুই ম্যাচের টস জয়ী দল পরে ব্যাটিং করে জিতেছে। ফ্রেশ উইকেটে আগে ব্যাট করার সিদ্ধান্ত যে সঠিক হয়নি শুরুর ব্যাটিং ব্যর্থতায় তা বুঝতে পারে বাংলাদেশ।
এদিন, আফগান স্পিনার রশিদ ও মুজিবদের ঘূর্ণির বিপক্ষে একাই লড়াই করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ধীরগতির ব্যাটিংয়ে সঙ্গ দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এক বাউন্ডারির সাহায্যে ২৭ বলে ২৫ রান করেন রিয়াদ । চার বাউন্ডারি ও এক ওভার বাউন্ডারি তে ৩১ বল মোকাবেলায় ৪৮ রান করে অপরাজিত থাকেন মোসাদ্দেক। শেষ দিকে তার ব্যাটিং দৃঢ়তায়ই লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ । তবে শেষ রক্ষা করা যায়নি। বাংলাদেশের দেওয়া ১২৮ রানের লক্ষ্য ১৮ দশমিক ২ ওভারে ছুঁয়ে ফেলে আফগানরা।
ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেন, আপনি প্রথম ৭-৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ফেললে ম্যাচে ফেরাটা সবসময় কঠিন। উইকেট বিবেচনায় আমরা ১০-১৫ রান কম করেছি। তবে আমি মনে করি বোলাররা দারুণ পারফর্ম করে আমাদের খেলায় ফিরিয়ে এনেছিল। তারা অসাধারণ বোলিং করেছে। প্রথম ১৫ ওভার দারুণ কেটেছে বোলারদের। কিন্তু আফগানিস্তানকে কৃতিত্ব দিতেই হয়, তারা সত্যিই ভালো খেলে জয় নিজেদের করে নিয়েছে। শেষের দিকের ৩-৪ ওভারেই তারা আমাদের থেকে ম্যাচটি বের করে নিয়েছে।
আফগান ব্যাটার নাজিবুল্লাহর প্রশংসা করে সাকিব বলেন, এটা বলতেই হয় নাজিবুল্লাহ একজন বিপজ্জনক খেলোয়াড়। আমরা ভেবেছিলাম এই ধরনের উইকেটে আমরা ভালো পারফর্ম করব। কিন্তু তারাদারুণ ব্যাটিং করেছে। তাদের কৃতিত্ব দিতেই হবে।
ব্যাটিং ব্যর্থতার এই ম্যাচে বাংলাদেশের সেরা পারফরমার মোসাদ্দেক হোসেন সৈকত। টি-টোয়েন্টিতে আগের সর্বোচ্চ রানের ইনিংস ৩৪ ছাড়িয়ে এবার তিনি খেলেন ৩১ বলে অপরাজিত ৪৮ রানের ইনিংস। পরে ৪.৮০ ইকোনোমিতে একটি উইকেটও শিকার করেন তিনি ।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মলেনে মোসাদ্দেক বলেন, আফগানদের ১৪০ রানের আশেপাশে টার্গেট দিতে পারলে হয়তো খেলার চিত্রটা ভিন্ন হতে পারত। মোসাদ্দেক বলেন, এখানে ব্যাটিং করা কঠিন ছিল, বল নিচু হয়ে আসছিল। ওরা ভালো খেলেছে, ফলে ওদের কৃতিত্ব দিতে হবে। তবে আমরা ১০-১৫ রান কম করেছি।
বাংলাদেশ দলের ব্যাটাররা ইনিংসে মাত্র একটি ওভারে দশের বেশি রান নিতে পেরেছেন। আফগানিস্তান তাদের ইনিংসের ১৭তম ওভারে নিয়েছে ১৭ রান, পরের ওভারে ২২। মোসাদ্দেকের মতে, শুরু থেকে ক্রমাগত উইকেট হারানোয় বড় রানের ওভারের জন্য ঝুঁকি নেওয়া যায়নি।
তিনি বলেন, আমাদের ইনিংসে বড় ওভার মিসিং ছিল, সেটি করার মতো অবস্থানে প্রায় চলে গিয়েছিলাম। তবে উইকেট হারালে কঠিন হয়ে যায়। উইকেট হাতে রেখে যদি ১৫ ওভার পর্যন্ত নিয়ে যেতে পারতাম, তাহলে ভিন্ন হতো। আফগানরা ভালো খেলেছে।
হেরে যাওয়ার পর মোসাদ্দেকের দাবি, তাদের চেষ্টার কমতি ছিলনা। ঘুরে দাঁড়ানোর পুরনো প্রত্যয় নতুন করে শোনা গেল তার কণ্ঠে। তিনি জানান, সাকিব ভাইয়ের বার্তা ছিল, সেটি পরিষ্কার ছিল। আপনারাও সেটি দেখেছেন। সবাই শতভাগ দিয়ে চেষ্টা করেছি। পারি নাই। পরের ম্যাচে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে।
শ্রীলঙ্কার বিপক্ষে ৮ উইকেটে জয়ের পর বাংলাদেশকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সুপার ফোরে গেল আফগানরা। গ্রূপের শেষ ম্যাচে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে জয়ী দল সুপার ফোরের টিকিট কাটবে। ম্যাচটি বৃহস্পতিবার মাঠে গড়াবে। হেরে গেলে বিদায় নিতে হবে শূন্য হাতে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম