এই বছর জুলাইয়ে রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিশ্ব দাবা অলিম্পিয়াড। রাশিয়া বিশ্ব দাবার বড় আসরগুলো নিয়মিত বিরতিতে আয়োজন করে। ইউক্রেন ইস্যুতে এবার রাশিয়া থেকে দাবা অলিম্পিয়াড ভারতে স্থান্তারিত হয়েছে।
বুধবার (৩০ মার্চ) দাবা ফেডারেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য মাহমুদা মলি বলেন, ‘রাশিয়া এই টুর্নামেন্ট আয়োজক হওয়ার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় রাশিয়ার পরিবর্তে ভারতের চেন্নাইয়ের নিকটবর্তী শহরে আয়োজিত হবে এবারের দাবা অলিম্পিয়াড।’
এদিকে প্রথমবারের মতো বিশ্ব দাবা অলিম্পিয়াডের আয়োজক হতে যাচ্ছে ভারত। প্রতিবেশী দেশে এই আয়োজন হওয়ায় বাংলাদেশ বেশ খুশি। এবিষয়ে মলি বলেন, ‘ইউরোপ ও অন্য মহাদেশে হলে যাতায়াত কয়েক দিন চলে যায়। চেন্নাইয়ে হওয়ায় আমাদের জন্য ভ্রমণ ও আরও আনুষাঙ্গিক বিষয়ে সুবিধা হলো। আশা করি অলিম্পিয়াডে ভালো কিছু হবে।’। বাংলাদেশ দাবা অলিম্পিয়াডে পুরুষ ও নারী দল পাঠাবে।
অন্যদিকে, ৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক রেটিং দাবা আয়োজন করছে বাংলাদেশ দাবা ফেডারেশন। এই টুর্নামেন্টে অংশগ্রহণে আগ্রহীদের নির্ধারিত সময়ে এন্টি দিতে হবে। আগে আসবেন, আগে পাবেন ভিত্তিতে এন্ট্রি নেবে ফেডারেশন। ২২০০ রেটিংয়ের উপরে যারা তাদের এন্ট্রি ফি লাগবে না। এর নিচের র্যাটিংধারীদের এন্ট্রি লাগবে। এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপ।
আজ বাংলাদেশ দাবা ফেডারেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, ফেডারেশনের সহ-সভাপতি কে এম শহিদ উল্ল্যা, আন্তর্জাতিক আরবিটার হারুনুর রশিদ।
উল্লেখ্য, ইউক্রেন ইস্যুতে রাশিয়া ও বেলারুশ ফিদের সদস্যপদ হারিয়েছে। তাই এবার রাশিয়ান দাবাড়ুদের অলিম্পিয়াডে খেলতে হলে ফিদের ব্যানারে খেলতে হবে।