লাখাই বাজারের প্রতিরক্ষা দেয়ালে ভাঙ্গন দেখা দিয়েছে, বাজারটি নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কা রয়েছে।
হবিগঞ্জের লাখাই উপজেলার ১নং ইউনিয়নের লাখাই বাজারের একপাশে সুতাং নদী ও অন্যপাশে রয়েছে ধলেশ্বরী নদী। বর্ষা এলেই প্রমত্তা এই নদী দুইটি ভয়াল রূপ ধারন। চারদিকে পানির মধ্যে তখন লাখাই বাজারটিকে দূর থেকে দেখলে মনে হয় দ্বীপের মতো।
ব্রিটিশ আমলের অনেক আগ থেকেই এ বাজারটি পার্শ্ববর্তী জেলা সহ কয়েকগ্রামের একটি প্রসিদ্ধ বাজার। বর্ষার ঢেউয়ে বিস্তর ক্ষতিসাধন হওয়ায় স্বাধীনতার পর নির্মাণ করা হয় বাজারের প্রতিরক্ষা দেয়াল।
বর্তমানে প্রতিরক্ষা দেয়ালের অনেক জায়গার অবস্থা বেহাল। বর্ষায় বড় ধরনের ঢেউ হলে যেকোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে এ বাজার।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারের উত্তর পশ্চিম দিকের প্রতিরক্ষা দেওয়ালটি পুরাতন হওয়ায় কোন কোন স্থান ফাঁটল ধরে ভেঙে পড়েছে। আবার কোন কোন জায়গায় ভেঙ্গে ধসে পড়েছে। ফলে হুমকির মুখে পড়ে রয়েছে লাখাই বাজারের প্রতিরক্ষা দেয়াল। গত বছর বর্ষায় পানি বৃদ্ধি পেয়ে বাজারের প্রতিরক্ষা দেয়ালের ২/৩ ফুট উপরে পানি উঠে ঢেউয়ের আঘাত লেগে দেয়ালের প্রায় ২০০ ফুট ভেঙ্গে গেছে। কয়েক বছর ধরে বাজারের অনেক স্থান ভেঙে পড়েছে।
লাখাই বাজারের ব্যবসায়ী দীনেশ কর্মকার ঢাকারিপোর্ট২৪ডটকমকে বলেন, বাজারের দোকানের পেছনে ইটের দেয়াল ঢেউয়ে ভেঙে গেছে। প্রতিরক্ষা দেয়ালের বেশিরভাগ স্থানে প্রায় ৩/৪ ফুট উপরের অংশের দেওয়াল ধসে পড়েছে। নিজেদের উদ্যোগে বস্তার ভিতর মাটি ভরে প্রতিরক্ষা দেয়ালের উপরে দিয়ে নিজ নিজ দোকানের অংশ রক্ষা করার একরকম চেষ্টা চালাচ্ছেন তারা।
ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে বর্ষাকালে লাখাই বাজারে ব্যবসায়ীদের ব্যবসা করতে হয়।অজানা শঙ্কায় থাকেন কখন দোকানসহ দেয়াল নদীগর্ভে চলে যায়। এ ব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ উদ্দিন সরেজমিনে বাজার পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
ঢাকারিপোর্ট২৪ডটকম/সাকা/আরএএম