বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : হবিগঞ্জ

৫ টাকা ভাড়া নিয়ে ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক


DhakaReport24.com || 2024-12-08
৫ টাকা ভাড়া নিয়ে ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

হবিগঞ্জের বাহুবল উপজেলায় অটোরিকশার ভাড়া নিয়ে ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে চার গ্রামবাসী। এতে পুলিশসহ শতাধিক আহত হয়েছেন।

রোববার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার মৌচাক এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ সংঘর্ষ হয়। সংঘর্ষকালে উভয়পক্ষের বাড়িঘর ও দোকানপাটে হামলা-ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন আটকা পড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ‘অটোরিকশার পাঁচ টাকা ভাড়া নেওয়া-দেওয়া নিয়ে বাহুবল উপজেলার সাতপাড়িয়া গ্রামের এক যুবকের সঙ্গে পাশের কবিরপুর গ্রামের এক ব্যক্তির তর্কাতর্কি হয়। পরে হাতহাতি থেকে বিষয়টি উভয় গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে দুই গ্রামের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কবিরপুর গ্রামের পক্ষে ভেড়াখাল গ্রামের ও সাতপাড়িয়া গ্রামের পক্ষে বহরুয়া গ্রামের লোকজন অবস্থান নেয়। চার গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ অন্তত শতাধিক লোকজন আহত হয়।

সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) জহিরুল ইসলাম জানান, ঢাকা-সিলেট মহাসড়কের ওপর সংঘর্ষ চলায় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

জহিরুল ইসলাম আরও জানান, সংঘর্ষ চলাকালীন উভয় পক্ষের বাড়িঘর ও দোকানপাটে হামলা-ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে বাহুবল থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশের সহায়তায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম