লাখাইয়ে ইদুরের মারার বুলেট ( অ্যালুমিনিয়াম ফসফেট) খেয়ে ২ যুবক -যুবতির মৃত্যু হয়েছে। রবিবার ( ২০ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭ টায় উপজেলার ১ নং লাখাই ইউনিয়নের টাউনশিপে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টাউনশিপের বাসিন্দা আনছর মিয়ার মেয়ে তানিয়া বেগমের ( ১৮) সাথে ১২ দিন পূর্বে কোর্ট ম্যারেজ করেন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার খলিল মিয়ার ছেলে মুস্তাফিজুর রহমান হৃদয় ( ৩০)।
বিয়ের পরপরই শ্বশুর বাড়িতে বসবাস করছিল মুস্তাফিজুর রহমান হৃদয়। পরিবারের অমতে এবং ১ম স্ত্রী ও সন্তানের খবর গোপন করে বিয়ে করে মুস্তাফিজুর রহমান হৃদয়। তাতে হৃদয়ের পরিবারের অসম্মতি ছিল বলে জানিয়েছে মৃত তানিয়া বেগমের মা আবেদা বেগম। মৃত হৃদয়ের পিতা খলিল মিয়া মুঠোফোনে পুলিশকে জানান, তার ছেলে ঢাকা যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছে। মৃত তানিয়া বেগমের মা আবেদা বেগম জানান, সকলের অলক্ষ্যে হৃদয় ও তানিয়া বেগম বুলেট খেয়ে এসে জানায় তারা দুজন বুলেট খেয়েছে।
ঘটনার পরপরই দুজনকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জে রেফার করেন। তবে পথিমধ্যে দুই জনই সামান্য সময়ের ব্যবধানে মৃত্যুবরণ করেন। লাখাই থানার ওসি মোঃ নুনু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য সুরতহাল রিপোর্ট তৈরি করে পাঠানো হয়েছে।