হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ পূর্ব গ্রামে দুই দল গ্রামবাসীর মধ্যে রাস্তায় মাটি ভরাট করা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ থামাতে গিয়ে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন।
নিহত ইসহাক মিয়া বামৈ পূর্ব গ্রামের হাজী রহমান মিয়ার পুত্র। শুক্রবার (৪ নভেম্বর) সকাল আনুমানিক দশটার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, বামৈ পূর্ব গ্রামে মজম মাঝির বাড়ি থেকে গরু বাজার পর্যন্ত নির্মাণাধীন রাস্তায় মাটি ভরাট করা নিয়ে ওই ওয়ার্ডের বর্তমান মেম্বার শের আলী ও বিএনপি নেতা শাহ আলম গোলাপের মধ্যে মতবিরোধ হয়। এ নিয়ে দু’পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
এর জের ধরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে মারামারি থামাতে গিয়ে বৃদ্ধ ইসহাক মিয়া দেশীয় অস্ত্রের আঘাতে নিহত হন।
এ সময় দুপক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। সংঘর্ষে ইসহাক মিয়ার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ নুনু মিয়া ।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম