হবিগঞ্জের লাখাইয়ে বামৈ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের জনৈক ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত শিক্ষক মুমিনুল হককে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (৮ এপ্রিল) র্যাব -৯ এর সিপিসি ১ এর একটি দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকা থেকে মুমিনুল হককে গ্রেফতার করে ।
এর আগে, গত ২৩ মার্চ ছাত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদে সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।
জানা যায়, শ্লীলতাহানির শিকার ওই ছাত্রী লাখাই উপজেলার বামৈ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী । বিদ্যালয়টির সহকারী শিক্ষক মুমিনুল হক ভুক্তভোগী ছাত্রীকে একাধিকবার যৌন হয়রানির চেষ্টা করে। সর্বশেষ, গত ১৬ মার্চ সকালে স্কুলের প্রাত্যহিক সমাবেশ ( অ্যাসেম্বলি ) শুরু হলে ওই ছাত্রী অসুস্থতা বোধ করায় সমাবেশে না গিয়ে স্কুল ভবনের তৃতীয় তলায় শ্রেণিকক্ষে বসেছিলেন । এ সময় অভিযুক্ত শিক্ষক মুমিনুল হক ওই ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা করেন । বিদ্যালয়ের আরেক সহকারী শিক্ষক গিয়াস উদ্দিন এবং আয়া গৌড়ী সেখানে গেলে মুমিনুল তড়িঘড়ি নিচে নেমে আসেন ।
পরবর্তীকালে তিনি আবারও শ্রেণিকক্ষে গিয়ে ওই ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করেন । তখন ভুক্তভোগী চিৎকার শুরু করলে মুমিনুল তার মুখ চেপে ধরেন । তার চিৎকারে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো . আব্দুল করিমসহ কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে মুমিনুল ওই ছাত্রীকে ছেড়ে দিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করেন ।
ঘটনা জানাজানি হওয়ার পর ভুক্তভোগী ছাত্রী আত্মহত্যারও চেষ্টা করে বলে দাবি করেন তার বাবা । এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত ও তার বিচারের দাবিতে হবিগঞ্জ –লাখাই সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
ভুক্তভোগীর বাবা বাদী হয়ে লাখাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মুমিনুলকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন।
মামলা রুজু হলে অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে চলে যান। ফলশ্রুতিতে র্যাব -৯ সিপিসি -১ এর একটি গোয়েন্দা দল পুলিশের পাশাপাশি আসামী গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে ।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সংবাদ ও র্যাব -১১ সিপিসি -১ , নারায়ণগঞ্জ এর সহযোগিতায় র্যাব -৯ , সিপিসি -১ এর একটি আভিযানিক দল ৮ এপ্রিল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকা থেকে মুমিনুল হককে গ্রেফতার করে।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুমিনুল একাধিকবার জোরপূর্বক শ্লীলতাহানি করার চেষ্টা করেছেন বলে স্বীকারোক্তি প্রদান করেছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই/আরএএম