হবিগঞ্জের চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানকালে মাদক ব্যবসায়ীদের হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। গুরুতর অবস্থায় আহত দুইজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
পরে আশংকাজনক অবস্থায় এক পুলিশ কনস্টেবলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার দেউন্দি চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মধ্যরাত পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় দেউন্দি চা বাগান এলাকায় মাদক পাচারের তথ্য পায় তারা। পরে চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলামসহ পাঁচ পুলিশ সদস্য সেখানে অভিযান চালান।
এসময় মাদকসহ এক ব্যবসায়ীকে আটকের চেষ্টা করলে পুলিশের উপর হামলা চালায় একদল মাদক ব্যবসায়ী। তাদের হামলায় পাঁচ পুলিশ সদস্যই আহত হন।
গুরুতর আহত অবস্থায় এসআই তরিকুল ইসলাম ও কনস্টেবল জুয়েলকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে কনস্টেবল জুয়েলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় পুলিশ।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম