যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইসরায়েলের দূতাবাসের সামনে মার্কিন বিমানবাহিনীর এক সদস্য নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন। দেশটির জরুরি পরিষেবার বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। দেশটির সিক্রেট সার্ভিসের কর্মীরা বিমানবাহিনীর ওই সদস্যের আগুন নিভিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে, আগুনে পুড়ে যাওয়া ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে শহরের দমকল বাহিনী।
আগুনে পুড়ে যাওয়া ওই ব্যক্তি বিমানবাহিনীর সক্রিয় সদস্য বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্সের মুখপাত্র। কি কারণে বিমানবাহিনীর ওই সদস্য এমনটি করেছেন তা তদন্ত করছে ওয়াশিংটন পুলিশ ডিপার্টমেন্ট, সিক্রেট সার্ভিস এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের রাজধানীর পুলিশ জানিয়েছে, ইন্টারন্যাশনাল ড্রাইভ, এনডব্লিউ-এর ৩৫০০ ব্লকে আনুমানিক দুপুর ১টায় ঘটনাটি ঘটেছিল। স্টেটস সিক্রেট সার্ভিসকে সহায়তা করার জন্য সেখানে কর্মকর্তাদের পাঠানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, আগুনে পুড়ে যাওয়া ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।
ওই ঘটনার পর সেখানে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বিমানবাহিনীর ওই সদস্য যে গাড়ি করে দূতাবাসের সামনে এসেছিল সেই যানটি পরীক্ষা করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। তবে, যানটিতে ক্ষতিকর কোনো কিছু পাওয়া যায়নি।
এ ঘটনায় ইসরায়েলি দূতাবাসের কোনো কর্মী আহত হয়নি বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস। দূতাবাসের মুখপাত্র বিষয়টি গণমাধ্যমটিকে নিশ্চিত করেছে।
বিষয়টি নিয়ে একটি বিবৃতিতে দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, লোকটি দূতাবাসের কোনো কর্মীর পরিচিত না।
যুক্তরাষ্ট্রের ইসরায়েলের দূতাবাসের সামনে আত্মহত্যার চেষ্টার ঘটনাটি এবারই প্রথম নয়। এর আগে, গত ডিসেম্বরে জর্জিয়াতে ইসরায়েলি দূতাবাসের সামনে বিক্ষোভের সময় এক ব্যক্তি নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম