বাগেরহাটের রামপালে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অপরাধে এমদাদুল ওরফে ইমদাদ সরদার (২৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৯ মার্চ) বিকেলে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. নূরে আলম আসামির উপস্থিতিতে এ রায় দেন। সে সাথে আসামিকে ২০ হাজার টাকা জরিমানাসহ আরও এক বছরের কারাদণ্ড দেন আদালত। দণ্ডপ্রাপ্ত ইমদাদ সরদারের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা গ্রামে।
জানা যায়, ২০১৬ সালের ২৩ এপ্রিল রামপাল উপজেলার গৌরম্ভা গ্রামের ইমদাদ সরদারের সঙ্গে মোরেলগঞ্জ উপজেলার কেশরামপুর গ্রামের আবুল বাশার ফকিরের মেয়ে মনিরা বেগমের বিয়ে হয়। ইমদাদ বিভিন্ন সময়ে যৌতুকের জন্য মনিরাকে চাপ দিতে থাকেন। মাঝে মধ্যে শারীরিক নির্যাতনও করতেন। একপর্যায়ে বিয়ের ৪ মাসের মাথায় ২০১৬ সালের ২০ আগস্ট রাতে মনিরা মারা যান।
পরে পুলিশ মনিরার মরদেহ উদ্ধার করে একটি অপমৃত্যুর মামলা করে। পরে ২০১৬ সালের ২২ নভেম্বর মনিরার বাবা বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নিহতের স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ময়নাতদন্ত প্রতিবেদন এবং অন্যান্য সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ২০১৭ সালের ১৬ এপ্রিল আদালতের অভিযোগপত্র জমা দেন। ইমদাদ সরদারকে গ্রেফতারের নির্দেশ দেন আদালত।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী রনজিত কুমার মণ্ডল জানান, মনিরার বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত রামপাল থানাকে ঘটনা তদন্তের দায়িত্ব দেয়। ময়নাতদন্তের প্রতিবেদনে মনিরাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে উল্লেখ করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম