পঞ্চগড় সদর উপজেলা জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক ও পাথর ব্যবসায়ী গোলাম আযমকে (৫৩) হত্যার ঘটনায় স্ত্রী বন্যা আক্তার (৪৭) ও ছোট ছেলে বাঁধনকে (২১) গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (৭ মার্চ) রাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পঞ্চগড় সদর থানার পুলিশ।
মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যায় গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও পঞ্চগড় সদর থানার এসআই ভবেশ চন্দ্র পাল। এদিন দুপুরে তাদের পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিচারক হুমায়ূন কবীর সরকার তাদের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পঞ্চগড়ের মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ভবেশ চন্দ্র পাল বলেন, ব্যবসায়ী গোলাম আজম হত্যাকাণ্ডে তার স্ত্রী ও ছোট ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাদের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলে আমরা পাঁচ দিনের রিমান্ড আবেদন করি। পরে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আশা করছি খুব শীঘ্রই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে পারবো আমরা।
জানা যায়, গত শনিবার (৫ মার্চ) সন্ধ্যায় পঞ্চগড় সদরের ধাক্কামারা ইউনিয়নের ঘাটিয়াল পাড়ায় নিজের ঘরে জাপা নেতা গোলাম আজমের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। মাথায় ধারালো অস্ত্রের আঘাতে তাকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম