শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : শিক্ষা

বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে ঢাবি স্বতন্ত্র : উপাচার্য


DhakaReport24.com || 2022-03-02 16:35:00
বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে ঢাবি স্বতন্ত্র : উপাচার্য

একটি রাষ্ট্র প্রতিষ্ঠার পেছনে যে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পটভূমি প্রয়োজন ছিল, সেটার প্রথম এবং প্রধান জোগানদাতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্বে এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই যেটি একটি রাষ্ট্র প্রতিষ্ঠার পটভূমি তৈরি করে। রাষ্ট্র প্রতিষ্ঠার প্রাথমিক ধাপ থেকে শুরু করে চূড়ান্ত বিজয় পর্যন্ত যে বিশ্ববিদ্যালয় কাজ করেছিল সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়। সে কারণেই এই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভূমিকার চেয়ে স্বতন্ত্র।

বুধবার (২ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আয়োজিত ‘পতাকা উত্তোলন দিবস উদযাপন ২০২২’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এসব কথা বলেন।

শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে উপাচার্য বলেন, ১৯৭১ সালে তৎকালীন ইকবাল হলের শিক্ষার্থীরা লাল-সবুজের পতাকা বানিয়েছিলেন। এটিই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেটি আমাদের অনুপ্রেরণা ও শক্তিতে পরিণত হয়।

তিনি আরও বলেন, এ বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও রাষ্ট্রীয় দায়বদ্ধতাও বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয় থেকে স্বতন্ত্র। আমাদের সৌভাগ্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও মননশীলতাকে উপজীব্য করেই এই মহৎ কার্য সম্পন্ন করেছিলেন।

এ সময় বিমেস অতিথি হিসেব উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ১৯৭১ সালে এই জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে বাংলাদেশের মানুষকে নির্দেশনা দেওয়া হয় যে আমাদের মুক্তিযুদ্ধ আসন্ন। এখন আমরা এটি পালন করি এ দেশের তরুণ প্রজন্মকে দেশের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে অবহিত করতে।

তরুণ সমাজের উদ্দেশে তিনি বলেন, এখনো বাংলাদেশকে পাকিস্তান বানানোর মতো ষড়যন্ত্র অব্যাহত আছে। এ দেশের তরুণ সমাজকে সে বিষয়ে সচেতন থাকতে হবে। এসব শকুনদের বিরুদ্ধে যদি আন্দোলনের ডাক আসে, সে আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য তোমাদের প্রস্তুত থাকতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠান সমন্বয় করেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল বাছির। এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূইঁয়া ও রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার।
ঢাকারিপোর্ট২৪.কম/এইচএম/আরএএম