ছাত্রলীগের রাজনীতি না করায় ওয়ালিদ নিহাদ নামের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) এক শিক্ষার্থী মারধরের অভিযোগে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবির।
তিনি জানান, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মাসুম হাওলাদারকে প্রধান করে এ কমিটি করা হয়েছে। অন্য সদস্যরা হলেন- প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান ও ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. তপন কুমার সরকার। কমিটিকে আগামী ৩ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে ওয়ালিদ নিহাদকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ কর্মীরাও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। যেখানে তাদের অবস্থান পরিষ্কার করা হয়েছে বলেও জানান অভিযুক্তরা।
অভিযুক্ত ছাত্রলীগ কর্মীরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের অনুসারী। তবে রাকিবের দাবি, তার কোনো কর্মী এ ঘটনার সাথে জড়িত নয়।
প্রসঙ্গত, ছাত্রলীগের কোরাম রাজনীতি না করায় রোববার দিনগত রাতে জাককানইবির ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র ওয়ালিদ নিহাদকে মারধরের ঘটনা ঘটে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৩২৪ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। পরদিন সোমবার নিহাদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম