'প্রত্যেকে আমরা পরের তরে' প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান করেছে বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ।
শুক্রবার (৮ এপ্রিল) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ইউনিট কাউন্সিল সভাপতি ও সিনিয়র রোভারমেট আখতার হোসেন আজাদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠ ও পার্শ্ববর্তী স্থান সমূহে পরিছন্নতা অভিযান চালিয়েছে ইবি রোভার স্কাউট গ্রুপের রোভার ও গার্ল–ইন রোভাররা।
এ বিষয়ে ইউনিট কাউন্সিল সভাপতি আখতার হোসেন আজাদ বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ সেবামূলক কর্মকাণ্ডের পাশাপাশি ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নির্মল রাখতে নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। তারই ধারাবাহিকতায় আজকের এই পরিচ্ছন্নতা অভিযান। আমাদের একটু সচেতনতাই পারে আমাদের ক্যাম্পাসকে সুন্দর ও নির্মল রাখতে। তিনি সবাইকে ময়লা নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানান।
এদিকে সকাল ৮টায় পতাকা উত্তোলনের পর বাংলাদেশ স্কাউট দিবস উপলক্ষে আলোচনা করেন ইবি রোভার স্কাউট গ্রুপ এর ইউনিট কাউন্সিল সাধারণ সম্পাদক রোভার মুসা হাশেমী।
উল্লেখ্য, ১৯৭২ সালের ৮ এপ্রিল স্বাধীন বাংলাদেশে বয় স্কাউট সমিতি গঠিত হয়। ১৯৭৪ সালে বিশ্ব স্কাউটস সংস্থার ১০৫তম সদস্য হিসেবে স্বীকৃতি পেয়েছিল 'বাংলাদেশ স্কাউটস সমিতি'। ১৯৭৮ সালে বয় স্কাউট সমিতির নাম বাংলাদেশ স্কাউটস নামকরণ করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম