কলেজের একাডেমিক ভবনের একটি দোকান, যেখানে পাওয়া যাবে খাতা, কলম, পেনসিল, রাবার, মার্কার, স্কেল, ওয়াটার গ্লু, হ্যান্ডস্যানিটাইজারসহ নানা শিক্ষা উপকরণ। সেই সঙ্গে বিস্কুট, পানি, কেক, কোমলপানীয়সহ বিভিন্ন খাদ্যপণ্য থাকবে। তবে থাকবে না কোনো বিক্রেতা। দোকানের পাশে টানানো আছে পণ্যের মূল্যতালিকা ও টাকা রাখার বাক্স। শিক্ষার্থীরা নিজে নিজেই পণ্য নিয়ে এই বাক্সে টাকা রাখতে পারবেন। ঢাকা কলেজে ব্যতিক্রমধর্মী এমন ‘সততা স্টোর’র উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে ঢাকা কলেজের একাডেমিক ভবনের নিচতলায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন এই স্টোরের উদ্বোধন করেন।
এসময় পিএসসি চেয়ারম্যান বলেন, এমন উদ্যোগ খুবই প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সততা ও নিষ্ঠার চর্চা হবে।
এসময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার, উপাধ্যক্ষ প্রফেসর এটিএম মইনুল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদারসহ কলেজের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম